আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৩

আফগানিস্তানঃ সাম্রাজ্যবাদীদের মরণ ফাঁদ

সম্প্রতি আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের শর্ত হিসেবে দেশটির জন্য নয়া সংবিধান প্রণয়নের দাবি করেছে তালেবান।আফগান সরকার ও তালেবানের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত দু’দিনব্যাপী বৈঠক শেষে এক ঘোষণাপত্রে এ শর্ত দেয় তালেবান। ২০ ডিসেম্বর ২০১২ ওই বৈঠক শুরু হয়। ২০০১ সালে মার্কিন সামরিক আগ্রাসনে তালেবান আফগানিস্তানের ক্ষমতা থেকে উত্খাত হওয়ার পর এই প্রথম সরকারের সঙ্গে তালেবান শীর্ষ নেতাদের এ ধরনের বৈঠক হলো। ফ্রান্সের থিঙ্ক ট্যাংক ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (এফআরএস) এ বৈঠকের আয়োজন করে। মজার ব্যাপার হলো ন্যাটোর প্রভাবশালী সদস্য ফ্রান্স এ মধ্যস্থতার আয়োজন করছে। উদ্দেশ্য, পরাজিত আমেরিকা ও ন্যাটো জোটের আফগানিস্তান থেকে ‘নিরাপদ প্রস্থান’-এর ব্যবস্থা করা। মনে পড়ে ১৬ সেপ্টেম্বর, ২০০১ আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার ভাষণে বলেছিলেন, ‘এই ধর্মযুদ্ধ (ক্রুসেড), এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ খুব অল্প সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে।’ ২০০১ সালে ক্রুসেড ঘোষণার মধ্য দিয়ে যে বাহিনী এখানে তালেবান নামক মুসলিম সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছিল, আজ সেই আমেরিকা/ন্যাটোজোটের সঙ্গে সন্ত্রাসী আল কায়দার আশ্রয়দাতা মুসলিম সন্ত্রাসী তালেবানের সঙ্গে শান্তি আলোচনা! সত্যি ইতিহাস বড় বিচিত্র। ‘ন্যায়ের জন্য যুদ্ধবাজ’ বুশ-ওবামা কি আজ অন্যায়ের সঙ্গে আপস করছেন!

আফগানিস্তান থেকে ২০১৪ সালে ন্যাটো সৈন্যরা চলে যাওয়ার পর, বিশেষ করে ওই বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হলে দেশটির সরকারের পতন ঘটতে পারে। ৮ অক্টোবর, ২০১২ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) এক প্রতিবেদনে একথা বলা হয়। আফগানিস্তান বিষয়ক আইসিজির সিনিয়র বিশেষজ্ঞ ক্যান্ডেস রনডক্স বলেন, ‘আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহার কাবুল সরকারের পতন ঘটাতে পারে। এ ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের সুযোগ দ্রুত শেষ হয়ে আসছে।’ প্রতিবেদনে বলা হয়, ২০০৯ ও ২০১০ সালে বিশৃঙ্খলাপূর্ণ প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পর দেশটিতে আবারও কারচুপির নির্বাচনের বিষয়টি সামনে আসছে।

পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী শক্তিগুলো সাম্প্রতিক ইতিহাসেও এশিয়ার এ গুরুত্বপূর্ণ স্থানটিকে দখলে রাখতে চায়। ১৯৭৯ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন সৈন্য বাহিনী পাঠিয়ে আফগানিস্তান দখল করে নেয়ার পর এক দশক কাল (১৯৭৯-১৯৮৯) সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী শক্তিটি এ দেশটিকে জোরপূর্বক দখল করে রাখে। এর পরের ইতিহাস প্রায় সবার জানা। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে হটানোর জন্য পুঁজিবাদী অপর আরেক সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা তার কৌশলগত মিত্র পাকিস্তানের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তালেবান মুজাহিদিনদের সহায়তা করে। তালেবান মুজাহিদিনদের বীরত্বপূর্ণ প্রতিরোধ ও আক্রমণের মুখে ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত বাহিনী আফগানিস্তানের মুজাহিদিনদের কাছে আত্মসমর্পণ করে দেশে ফিরে যায়। উল্লেখ্য, তখন তালেবান মুজাহিদিনদের আমেরিকা বা পশ্চিমা মিডিয়াগুলো জঙ্গি বলে সম্বোধন করতো না। কিন্তু, আজকের নতুন প্রজন্মের একজন সাধারণ তরুণের সামনে যদি তালেবানকে ‘বীর মুক্তিযোদ্ধা’ বলে সম্বোধন করা হয়, তাহলে সে হয়তো বিস্ময়ে আঁতকে উঠবে। আর তা যদি আমেরিকান প্রেসিডেন্টের মুখ দিয়ে বের হয়, তখন বিষয়টি কেমন যেন অবিশ্বাস্য রূপ লাভ করবে।

একদিন এ ঘটনা ঘটেছিল। ১৯৮৫ সালে একদল তালেবান মুজাহিদিন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রিগানের সঙ্গে ওয়াশিংটনে এক বৈঠককালে তিনি তাদের ‘মুক্তিযোদ্ধা’ (Freedom fighter) হিসেবে অভিহিত করেন।

১৯৭৯ সালের ডিসেম্বরে রাশিয়া আফগানিস্তান দখল করে। এর ১০ বছর পর সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন শুধু যুদ্ধে পরাজিত হয়নি, দুঃখজনকভাবে ভেঙে পড়ে বিশাল বিস্তৃত এ ইউনিয়নটি। রাশিয়া আফগানযুদ্ধে আমেরিকা-ন্যাটোর চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল।

তত্কালীন রাশিয়ার সীমানার মধ্যেই ছিল আফগানিস্তান। আমেরিকার চেয়ে বেশি সৈন্য সমাবেশ ঘটিয়েছিল রাশিয়া। রাশিয়ার নিয়োজিত সৈন্য সংখ্যা ছিল দুই লাখ ৫০ হাজার। রাশিয়ান সৈন্যরা আমেরিকান সেনাবাহিনীর চেয়ে ভাষাগত দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল। তারা পশতু, উজবেক ও তাজিক ভাষায় দক্ষ ছিল। শহরাঞ্চলগুলোতে রাশিয়ান সৈন্যদের নিয়ন্ত্রণও বেশি ছিল। যা আমেরিকান ও ন্যাটো বাহিনীরও ছিল কিন্তু দুই বাহিনী মূলত পর্যুদস্ত হয় গ্রামাঞ্চলের যুদ্ধে।

১৯৮৬ সালে মার্শাল অ্যাখরোমেইভ বলেন (Marshal Akhromeyev), “আমরা কাবুল ও প্রাদেশিক কেন্দ্রগুলোতে নিয়ন্ত্রণ করলেও কিন্তু ... আমরা আফগান সাধারণ মানুষের জন্য যে যুদ্ধ করেছি তাতে হেরেছি।” ১৯৮৬ সালে গর্ভাচেভও ওবামা প্রশাসনের মতো সৈন্য সংখ্যা বাড়িয়ে আফগানিস্তানে যুদ্ধ জয়ের চেষ্টা করেছিলেন। আমেরিকান প্রেসিডেন্ট ওবামা ১ ডিসেম্বর, ২০০৯ একই ঘোষণা দিয়েছিলেন ও সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন,“আরো সৈন্য নিয়োগ, আরো টাকা খরচ ও আরো কঠিন প্রচেষ্টা আমাদের অবশ্যই চালাতে হবে।”

আমেরিকার আগে ফ্রান্স ভিয়েতনামে আক্রমণ করেছিল আর আফগানিস্তানে রাশিয়া। আর দুই আগ্রাসী দেশই ছিল তাদের চেয়ে অধিক শক্তিশালী। তাই শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করার সাম্প্রতিক অভিজ্ঞতা ভিয়েতনাম ও আফগানদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগায়। দুই ক্ষেত্রেই আমেরিকানদের এক ভিন্ন এবং প্রতিকূল পরিবেশে যুদ্ধ করতে হয়। আর লজিস্টিক সাপোর্টও তারা ঠিকমত পায়নি। আর আফগানিস্তানে আরেকটি সমস্যা হলো আমেরিকান সবচেয়ে চৌকস মেরিন সেনা তথা তাদের নৌবাহিনী কাজে আসেনি। কারণ, আফগানিস্তান কোনো সাগর বা নদীবেষ্টিত নয়।

দুটি যুদ্ধই ছিল গ্রামভিত্তিক যুদ্ধ। গ্রামে বাস করা ৮০ ভাগ মানুষ আগ্রাসনকারীদের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণ করে। উপজাতীয় ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যেও আমেরিকানদের প্রতি নেই কোনো গ্রহণযোগ্যতা। অথচ তালেবানের জন্য তারা নিরাপদ আশ্রয় ও প্রশ্রয়দাতা। দু’ দেশই প্রতিকূল ভৌগোলিক অবস্থা ও দুর্গম পাহাড়েঘেরা, যেখানে আধুনিক সাঁজোয়া যান নিয়েও আমেরিকানদের জন্য যুদ্ধ করা কঠিন। দুটি যুদ্ধেই ভাষান্তরকারীরা স্থানীয় যোদ্ধাদের আগ্রাসনকারীদের প্রতিটি পদক্ষেপের কথা জানিয়ে দিত। স্থানীয়দের সংস্কৃতিকবোধ উপলব্ধি না করে নারী-পুরুষ-আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে বোম্বিং করে স্থানীয় যোদ্ধাদের দমন করার যে নীতি আমেরিকানরা নিয়েছিল, তা স্থানীয় মানুষের কাছে কোনো মতেই গ্রহণযোগ্য ছিল না। বরং এতে স্থানীয় যোদ্ধাদের রিক্রুটমেন্ট আরও বাড়িয়ে দিয়েছে। আফগানদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব অনেক বেশি ইসলামী মূল্যবোধ দিয়ে পরিচালিত। ভিয়েতনামের মতো একই পরিস্থিতির বর্ণনা দিয়ে অ্যান্থনি কোর্ডসম্যানের মতো বিশেষজ্ঞরা আফগানিস্তানে আমেরিকান নীতির ব্যর্থতার কথা স্বীকার করেন।

দুই মিলিয়নের দুর্ধর্ষ মঙ্গল সৈন্যদলসহ চেঙ্গিস খানের আগ্রাসন থেকে শুরু করে আমেরিকা ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো আফগানিস্তানের বাণিজ্যিক পথগুলো ও এর স্থলবেষ্টিত স্থানগুলোকে শতাব্দীর পর শতাব্দী ধরে দখলে রাখার চেষ্টা করেছে। আফগানিস্তানকে পারস্য, গ্রিক, আরব, তুর্কি, মঙ্গল, বৃটিশ ও সোভিয়েতের মতো আগ্রাসনকারীদের মোকাবিলা করতে হয়েছে। কিন্তু, কোনো দখলদার শক্তিই এ স্থানটি সফলভাবে জয় করে রাখতে পারেনি। বর্তমানের কারজাইয়ের চাপিয়ে দেয়া সরকারের বৈধতা ও নির্বাচনে বৈধতা নিয়ে এমনকি জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন। ২০০৯ সালের নির্বাচনেও মাত্র ৩০% ভোটার ভোট দিতে এসেছিলেন। ২০০৯ সালে সমাজ বিজ্ঞানী থমাস এইচ জনসন ও ক্রিস ম্যাসন (Thomas H Johnson & Chris Mason) প্রভাবশালী ফরেন পলিসি জার্নালের এক আর্টিকেলে কারজাইয়ের সরকারকে ‘সম্পূর্ণভাবে অবৈধ, অদক্ষ চোরের সরকার’ বলে সম্বোধন করেন। একটি চাপিয়ে দেয়া সরকার ও চাপিয়ে দেয়া ব্যবস্থাকে (গণতন্ত্র) এ অঞ্চলের ইতিহাসে কখনও সফল হতে দেখা যায়নি। পশ্চিমা মিডিয়াগুলোতে এখানে গণতন্ত্রের যে সফলতার কথা বা তালেবান বিরোধিতার কথা বলা হয়, তা আফগানদের প্রকৃত জনমতের প্রতিফলন নয়। কারণ, দখলদারিত্বের মধ্যে সুষ্ঠু নির্বাচন ও জরিপ কোনটি সম্ভব নয়। থমাস এইচ জনসন ও ক্রিস ম্যাসন বলেন, ‘আফগানরা ভদ্র জাতি হিসেবে সুপরিচিত। পশ্চিমা জনমত জরিপগুলো তাদের প্রত্যাশিত কিছু উত্তরকে প্রকাশ করে, যেগুলো পশ্চিমা সংস্কৃতির অনুকূলে, এগুলো আসলে আফগানদের প্রকৃত মতের প্রতিফলন নয়।’

গিলেস ডরোনসরো ‘কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’-এর আফগানিস্তান বিশেষজ্ঞ। তিনিও আফগানিস্তানে নতুন করে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা করছেন। তবে তিনি আরও এক ধাপ এগিয়ে আফগানিস্তানে তালেবানের শাসন প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলেন। সম্প্রতি বিশ্লেষণধর্মী এক নিবন্ধে তিনি বলেন, ২০১৪ সালের পর আফগান সরকারের জন্য মার্কিন সমর্থন সীমিত হয়ে আসবে। তখন আরেকটি গৃহযুদ্ধ শুরু হবে এবং এতে বিজয়ীর বেশে ক্ষমতায় আসবে তালেবান। হয়তো এ ভবিষ্যত্ উপলব্ধি করে ডিক চেনি (Dick Cheney) আফগান যুদ্ধকে ‘না ফুরনো যুদ্ধ’(Endless War) বলে সম্বোধন করেছিলেন। আর আমেরিকার সেনা প্রত্যাহারকে যদি আমরা পরাজয় বলি তবে আমেরিকান পুঁজিবাদী-সম্রাজ্যবাদীরাও হেরে বিতাড়িত হলো এই মুসলিম ভূ-খণ্ড থেকে।

খান শরীফুজ্জামান

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

ঐতিহাসিকভাবে জাপানের উন্নয়ন ও বর্তমানে চীনের উন্নয়ন কি বিশ্বায়নের ফসল?

(নিম্নোক্ত প্রবন্ধটি আদনান খান রচিত “Geopolitical Myths” বইটির বাংলা অনুবাদের একাংশ হতে গৃহীত)

কথা বলা হয় যে, ঐতিহাসিকভাবে জাপান হল উদার অর্থনৈতিক আন্দোলনের সাফল্যগাঁথা-যারা মুক্তবাজার ব্যবস্থা গ্রহণ করেছিল ও অর্ধশতাব্দীরও কম সময়কালের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতিতে পরিণত হয়। চীনের বর্তমান অগ্রগতির পেছনেও একই ধরণের কথা প্রচলিত আছে। যদিও সত্যিকারের ঘটনা যা বলা হচ্ছে মোটেও তা নয়।

যেসব কৌশল গ্রহণ করার কারণে জাপানের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা উদারনীতি ও বিশ্বায়নের ধারণার সম্পূর্ণ বিপরীত। জাপান সরকার তার দেশের উন্নয়নে প্রয়োজনীয় খাতসমূহকে বিকাশের জন্য বিদেশী প্রতিযোগিতা থেকে মুক্ত রেখেছে। বৈদেশিক মুদ্রা বন্টনের দায়িত্ব জাপানি সরকার স্বীয় অধিকারে রাখে-যার মাধ্যমে আভ্যন্তরীণ বাণিজ্যকে নিয়ন্ত্রনে রাখা, জাপানি কোম্পানিগুলোর বিদেশী প্রযুক্তি সংগ্রহের ব্যবস্থা করা এবং বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন উপাদানকে নিয়ন্ত্রনে রাখা সম্ভবপর হয়। সরকার নির্দিষ্ট শিল্পসমূহেঅর্থপ্রবাহ সুনিশ্চিত করার প্রধান হাতিয়ার হিসেবে দ্যা এক্‌্রপোর্ট ব্যাংক অব জাপান এবং জাপান ডেভেলোপমেন্ট ব্যংক স্থাপন করে।

মিনিস্ট্র অব ইন্টাঃ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি (এম আই টি আই) নামক মন্ত্রণালয়ের একটি বিভাগ জাপানের উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। কেন্দ্রীয় সরকারের এ বিভাগটি উৎপাদন, সেবা এবং উৎপাদিত পণ্যের প্রসারতাকে নিয়ন্ত্রন করে। জাপানি শিল্প কাঠামোর জন্য পরিকল্পনা প্রণয়ন, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রন, জাতীয় অর্থনীতিতে পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত এবং কাঁচামাল ও শক্তির নির্ভরযোগ্য উৎস পর্যবেক্ষণ করা ছিল এ বিভাগের দায়িত্ব। সুতরাং জাপানের অর্থনীতি ছিল কেন্দ্র নিয়ন্ত্রিত; কোনক্রমেই মুক্তবাজার ব্যবস্থার অধীন ছিল না।

বৈশ্বিক ব্যপারে চীন তার কয়েক দশকের পুরনো,সংকীর্ণ ও প্রতিক্রিয়াশীল মানসিকতা থেকে বের হয়ে এসেছে। চীন তার ১৫০ বছরের লজ্জা ও অপমানের দীর্ঘ লালিত ভিক্টিম (victim) মানসিকতাকে ঝেড়ে ফেলে বৃহত্তর শক্তির মানসিকতা গ্রহন করেছে (ডাগুয়া জিনতাই)। এর অবধারিত ফলাফল হল বৈশ্বিক বিষয়াবলিতে চীনের ক্রমবর্ধমান ভূমিকা। ভিক্টিম মানসিকতা থেকে বেরিয়ে বৃহত্তর শক্তির মানসিকতা ধারণের কারণে চীন এখন নিজেকে বিশ্বশক্তিসমূহের কাছাকাছি এক সত্ত্বা হিসেবে খুঁজে পাচ্ছে। ১৯৯০ এর দশক থেকে চীনের এ পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠে। চীন এখন তার বৈশ্বিক দায়দায়িত্বের ব্যাপারে খোলামেলা কথা বলে থাকে এবং সেদেশের নীতিনির্ধারকেরা এ চশমা দিয়েই চীন পৃথিবীকে দেখে।

গতানুগতিক ধারার অর্থনীতিবিদ ও যারা বিশ্বাস করে অর্থনৈতিক উন্নয়ন মানে উদার মূল্যবোধ গ্রহণ-তাদের জন্য চীন এক বিস্ময়। পশ্চিমা উন্নয়নের ধারণা-যেখানে গণতন্ত্র, মুক্ত বাজার এবং উদার মূল্যবোধ গ্রহণের কথা বলা হয়েছে- চীন প্রথমেই সেগুলোকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং দেখিয়ে দিয়েছে কিভাবে পুরো পৃথিবী এ ধারণা সম্পর্কে অজ্ঞ রয়েছে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থা গ্রহণ কিংবা বিশ্বায়নে অংশগ্রহণ না করেও চীনে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি ও শিল্পায়ন হয়েছে- যা ছিল সম্পূর্ণ কেন্দ্রনিয়ন্ত্রিত এবং উদার নীতিমালার সাথে দূরতম সম্পর্ক বিবর্জিত। চীনের প্রেসিডেন্ট হু জিন তাও ২০০৪ সালে বলেন, 'আমরা কখনই অন্ধভাবে অন্য দেশের রাজনৈতিক ব্যবস্থাকে অনুকরণ করবো না। ইতিহাস প্রমাণ করে যে নির্বিচারে পশ্চিমা রাজনৈতিক ব্যবস্থার অনুকরণ চীনের জন্য এক তিমিরাচ্ছন্ন পথ হবে'। সুতরাং একথা থেকে এটা সুস্পষ্ট যে, চীন অদুর ভবিষ্যতে উদার নীতিমালা গ্রহণ করবে না এবং উন্নয়নের পশ্চিমা ধারণা ছাড়াই তাদের উন্নয়ন সুনিশ্চিত হয়েছে।

জাপান এবং জার্মানীর মত চীনও কেন্দ্র নিয়ন্ত্রিত ও পরিচালিত অর্থনীতি নিয়ে এগিয়ে গেছে। বাজারের সব ক্ষেত্রে রয়েছে চীনা সরকারের হস্তক্ষেপ। কেন্দ্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে চীন তার সম্পদকে একদিকে পরিচালিত করেছে এবং এটা তাকে আঞ্চলিক নেতৃত্ব বিধান করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বড় অর্থনীতি হিসেবে পরিচিতি দিয়েছে। ঐতিহাসিকভাবে সমাজতান্ত্রিক ঘরানার হওয়ার কারণে চীন পশ্চিমাদের সহায়তা একেবারেই পায়নি। তবে তারা দেখিয়ে দিয়েছে যে একটি স্বাধীন, আগে দেশের স্বার্থ এবং কেন্দ্র নিয়ন্ত্রিত নীতিমালা অর্থনৈতিক সাফল্য এনে দেয়।

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

চীন কি সুপারপাওয়ার হতে পারবে

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মধ্যে সাম্প্রতিক বছরগুলো চীন একটি বেশ উপাদেয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সাধারণভাবে একটি ধারণা দাঁড়িয়ে গিয়েছে যে, চীন হতে চলেছে এই গ্রহের নতুন সুপারপাওয়ার। এ-বিষয়ে গভীরতর বিশ্লেষণ আন্তর্জাতিক মিডিয়ায়ও খুব কমই পাওয়া যায়। তবে বাস্তব পরিস্থিতি হচ্ছে, সুপারপাওয়ার হওয়ার খুব লক্ষণই আসলে চীনের মধ্যে আছে।

টাইম ম্যাগাজিনের সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে চীনের এক ধনাঢ্য তরুণ দম্পতি জানিয়েছেন সেদেশের নব্য ধনী শ্রেণির কাছে কোন ধরনের জীবন পছন্দ। সাক্ষাৎকারে তারা তাদের অত্যাধুনিক এপার্টমেন্ট, ফ্যাশনেবল পোশাক ও তাদের শিশুকন্যার উঁচু মানের স্কুল - সবকিছুর কথা জানান। তবে যখন জানতে চাওয়া হয় তাদের মেয়ের জন্য তারা কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রত্যাশা করেন, জবাবে তারা কোনো রকম ইতস্তত না করেই বলেন, 'কানাডিয়ান নাগরিকত্ব'।

চীনের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির পশ্চিমমুখী হওয়ার বহু কারণ আছে। আসলে বিগত বছরগুলোতে চীনের অর্জিত অবিশ্বাস্য প্রবৃদ্ধিতে বহু ফাঁকফোকর রয়েছে। এই প্রবৃদ্ধি মোটেও কোনো দীর্ঘমেয়াদি সুফলের ইঙ্গিত দেয় না। বরং এই প্রবৃদ্ধির মূলে রয়েছে চীনের সস্তাশ্রম, পরিবেশ দূষণকে ন্যূনতম দাম না দেয়া এবং বড় বড় অবকাঠামো প্রকল্পে চীনের রাষ্ট্রীয় বিনিয়োগ।

একটি আর্থনৈতিক সমীক্ষায় দেখা গেছে, চীনের কর্মোক্ষম জনশক্তির সংখ্যা ২০১১ সালে তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়। এরপর ২০১২ সালে সেই কর্মক্ষম জনশক্তি হ্রাস পেতে থাকে। তার মানে হচ্ছে আগামী বছরগুলোতে চীনে বয়স্ক লোকের সংখ্যা বাড়তে থাকবে। ফলে সেখানে শ্রমের দাম বাড়বে, সঞ্চয় কমবে এবং স্বাস্থ্যসেবা ও পেনশনের পেছনে রাষ্ট্রীয় ব্যয় বাড়বে।

আগেই বলা হয়েছে, অর্থনৈতিক উন্নতি অর্জন করতে গিয়ে চীন পরিবেশ দূষণকে আমলেই নেয়নি। বর্তমানে চীনই বিশ্বে সর্বাধিক কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করে। ২০১০ সালে চীন ৮.২ বিলিয়ন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করেছে- যেটা ১৯৯২ সালে চীনের নিঃসরণ থেকে ২৪০% বেশি। পানি ও বায়ুদূষণের কারণে চীনে প্রতি বছর ৭ লক্ষ ৫০ হাজার লোকের অকালমৃত্যু ঘটে। আর বড় বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বহু ব্যক্তিকে জোর করে বাস্তুহারা করা হয়েছে। এই বাস্তুহারা জনগোষ্ঠী তাদের জীবিকাও হারিয়েছে।

বলা বাহূল্য, এসব নীতি অবশ্যই দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে না। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক চাপে বেশ কিছু বিশাল অবকাঠামোগত প্রকল্প বন্ধ হয়ে গেছে।

এসব অর্থনৈতিক সমস্যা ছাড়াও রাজনৈতিক সমস্যাও চীনে ব্যাপক। চীনে রাজনৈতিক সংস্কারের দাবি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত মাসে চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেসেও সংস্কারের ইস্যুটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। চীনের সরকারে ব্যাপক দুর্নীতির বিস্তার ঘটেছে। আইনের শাসন ও সরকারের জবাবদিহির অবস্থাও অত্যন্ত নাজুক। বিরুদ্ধ মত দমনে রাষ্ট্র যতই সংকল্পবদ্ধ হোক না কেন, নব্য ধনিক শ্রেণি ক্রমেই অধিকার ও স্বাধীনতার বিষয়ে সোচ্চার হয়ে উঠছে।

রাজনৈতিক সংস্কার না করে অর্থনৈতিক উন্নতি করাটাই চীনের সবসময়কার চ্যালেঞ্জ। বাস্তব সত্য হলো, চীনের রাষ্ট্রীয় পুঁজিবাদ সস্তাশ্রমের ওপরই নির্ভরশীল। নিজস্ব উদ্ভাবন বলতে কোনো কিছু সেখানে নেই। এ-রকম অবস্থায় একটি দেশের পক্ষে কেবল চীনের বর্তমান অবস্থা পর্যন্তই আগানো সম্ভব - এরচেয়ে বেশি আগানো সম্ভব নয়। যে জাতির বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতা নেই, কেবল অন্যের প্রযুক্তি নকল করে সস্তায় প্রোডাক্ট বানায়, সেই জাতি ভালো বেনিয়া হতে পারবে - সুপারপাওয়ার হতে পারবে না। বস্তুত পক্ষে, কোনো জাতির মধ্যে বুদ্ধিবৃত্তি জাগরণ, সৃষ্টিশীলতা ও অন্য জাতিকে অতিক্রমণের দৃঢ়চিত্ত মনোভাব না থেকে কেবল সস্তা পণ্যের ফেরিওয়ালার মানসিকতা থাকলে সেই জাতি বিশ্বে সুপারপাওয়ার হতে পারে না।

যেটুকু সমৃদ্ধি চীন অর্জন করেছে, সেটাও কোনো মিরাকল নয়। চীনের মতো জনশক্তি ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ দেশের আরো আগেই এই অবস্থায় আসা উচিত ছিল। দীর্ঘদিন কমিউনিজম অনুসরণ করতে গিয়ে বরং চীন বড় দেরিতে ব্যবসার দুনিয়ায় পা বাড়িয়েছে। এখন রাষ্ট্রীয় পুঁজিবাদের আওতায় যে সমৃদ্ধি চীন পেয়েছে সেটা বরং বিলম্বিত প্রাপ্তি।

কিন্তু সামনের দিনগুলোতে চীনের রয়েছে বহু চ্যালেঞ্জ। জনগোষ্ঠিতে বয়স্ক লোকের আধিক্য, কম জন্মহার, ভারত-ভিয়েতনাম-ব্রাজিলের সাথে বাজার দখলের প্রতিযোগিতা, অভ্যন্তরীণ মতভেদ ও ধনিক শ্রেণির অসন্তুটি এবং সর্বোপরি উচ্চাকাঙ্ক্ষা ও মতাদর্শিক প্রেরণাহীন একটি ঝিমানো জাতীয় চেতনার কারণে চীনের পক্ষে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাটি ধরে রাখাই কঠিন হবে। আর সুপারপাওয়ার হওয়ার ব্যাপারটি তো হনুজ দূর অস্ত।

ওমর শরীফ

সাপ্তাহিক একটি ম্যাগাজিন থেকে সংগৃহীত

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি: সামরিক ও কৌশলগত বিশ্লেষণ

একটি সাপ্তাহিক ম্যাগাজিন থেকে সংগৃহীত

গত সপ্তাহে হামাস আর ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি ছিল একটি নজিরবিহীন ঘটনা। এই চুক্তির মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনি স্থল অভিযান হতে বিরত হল এবং যে সংকটের জন্য তারা নিজেরাই দায়ী তার জন্য হামাসের সাথে তারা সমঝোতা করল। হিলারি ক্লিনটন ইসরাইলের এই পিছু হটা আশাই করেননি। তাই তিনি সমঝোতা মিটিংয়ে যোগদান করার কোনো প্রাথমিক উদ্যোগ নেননি। হামাসের শর্ত মেনে নিয়ে ইসরাইল গাজার উপর তার চার বছরের অবরোধ তুলে নিয়ে গোলাবর্ষণ থেকে বিরত হল। এর সাথে সীমান্ত খুলে দিয়ে গাজার উপকূল হতে তারা কয়েক মাইল পিছিয়ে অবস্থান নিল। একই সাথে ইসরাইল প্রতিশ্রুতি দিয়েছে যে তারা গাজায় অবস্থানকারী হামাসের নেতৃস্থানীয়দের উপর লক্ষ্য করে গুপ্তহত্যা বন্ধ করবে। এই সব কিছু ইসরাইল ও হামাসের মধ্যে পরিষ্কার যুদ্ধগত কৌশল পরিবর্তনের ইঙ্গিত করে।

যুদ্ধবিরতিতে ইসরাইলের সম্মত হওয়ার বহু কারণ ছিল। প্রথমত, হামাসের রকেটের আক্রমণের টার্গেট ও তীব্রতা। ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষের ইতিহাসে এই প্রথম ইসরাইলের রাজধানী তেল আবিব ও পশ্চিম জেরুজালেম ফিলিস্তিনি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়েছে ইরানি ফাজর-৫ রকেটের কারণে - যার লক্ষ্যবস্তু আঘাত করার পরিসর প্রায় ৮০ কি.মি.।

আরেকটি গুরুত্বপূর্ণ শহর দিনোমাকে আঘাত করেছে হামাসের রকেট, যেখানে ইসরাইলি পরমাণুকেন্দ্র অবস্থিত। সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো হামাসের লক্ষ্যবস্তুর কেন্দ্রে পরিণত হয়েছিল। রিশন লিজিওন, আশ্‌দুদ ও বি'এর শিভা এগুলোর প্রত্যেকটিতে প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস। ইসরাইল প্রায় ১,৫৫০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গাজার উপর এবং এর জবাবে হামাস ১,৪৫৬ টি রকেট নিক্ষেপ পরে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভাষ্যমতে, এ নজিরবিহীন হামলার ভয়াবহতায় হাজার হাজার ব্যক্তি বোমানিরাপদ কেন্দ্রে আশ্রয় নেয় এবং শতকরা ৪৫ ভাগ (প্রায় ৩০ লক্ষ) ইসরাইলি জনগণকে হুমকির মুখে ফেলে।

দ্বিতীয় কারণ হচ্ছে, ইসরাইলি বাহিনীর প্রযুক্তিগত ব্যর্থতা। তারা ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে ব্যর্থ হয় যা কিনা ইসরাইলের দক্ষিণাঞ্চলকে হামাসের রকেট হতে রক্ষা করার কথা। ইসরাইল দাবি করে যে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা হামাসের এক-তৃতীয়াংশ রকেট ধ্বংস করেছে - যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। প্রত্যেকটি আয়রন ডোম মিসাইলে ইসরাইলের খরচ হচ্ছে ৫০ হাজার ডলার। এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জবাবে হামাস অনবরত একটি নির্দিষ্ট জায়গায় রকেট ছোড়ে যা প্রতিরক্ষা ব্যবস্থার মাত্রা ছাড়িয়ে যায় এবং যার ফলে সেই জায়গাটি হামলার জন্য উন্মুক্ত হয়ে যায়। ব্যয়ের দিক থেকে হামাসের অস্ত্রাগারের একটি রকেট ইসরাইলের আয়রন ডোম মিসাইলের তুলনায় খুবই নগণ্য।

তৃতীয় কারণ, বিশ্বস্ত ও প্রয়োজনীয় গোয়েন্দা তথ্যের অভাব। যদিও এটি ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এর উপর মিডিয়ায় সবচেয়ে কম আলোচনা হয়েছে। সবসময়ের মতো ইসরাইল দাবি করেছে যে, তাদের লক্ষ্যবস্তু হিসেবে গাজার অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থানের তথ্য তাদের কাছে রয়েছে। বাস্তবে ইসরাইল প্রমাণ করেছে যে, এই তথ্যগুলো কার্যকরী ছিল না। যার প্রমাণ বেসামরিক ভবনে ইসরাইলের বোমা হামলা যেখানে কোনো অস্ত্রভাণ্ডার পাওয়া যায়নি। ইসরাইল আরও দাবি করেছে যে, তারা হামাসের রকেটভাণ্ডার ধ্বংস করে দিয়েছে। তাদের এই দাবিও ভুল প্রমাণ হয় যখন হামাস যুদ্ধবিরতি চুক্তির একদিন পরও রকেট নিক্ষেপ অব্যাহত রাখে। হামাস শক্ত হাতে গাজায় শাসনকর্তৃত্ব বজায় রেখেছে, যার প্রভাব গাজার সীমান্তের ভিতর অবস্থিত ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের উপর পড়েছে এবং এর ফলে ইসরাইল প্রয়োজনীয় তথ্যের অভাবে ভুগছে।

চতুর্থত, হামাসের দারুন প্রতিরোধ ক্ষমতা গাজার উপর আক্রমণ অনেক কষ্টসাধ্য করে দিয়েছে। হামাস একটি যুদ্ধবিমান ও একটি মনুষ্যবিহীন পর্যবেক্ষণ প্লেনে গুলি করে ভূপাতিত করে। একটি এফ-১৬ বিমান ভূপাতিত করার জন্য অত্যাধুনিক মিসাইল প্রয়োজন। আর তা যদি হামাসের আয়ত্বে থাকে তবে তা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক বড় অর্জন। হামাসের দাবির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ যে, তারা এরই মধ্যে গত অক্টোবরে একটি ইসরাইলি হেলিকপ্টারের বিরুদ্ধে কাঁধে বহনযোগ্য বিমানবিরোধী এসএ-৭ মিসাইল ব্যবহার করেছে। এর সাথে হামাস সফলভাবে গাজার আকাশ থেকে একটি রাফায়েল স্কাইলাইট-বি পর্যবেক্ষণ বিমান ইউএভি ভূপাতিত করেছে। যে ব্যাপারটি স্থল অভিযানে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে তা হল হামাসের দখলে থাকা অত্যাধুনিক করনেট অ্যান্টি-ট্যাংক মিসাইল ব্যবস্থা - যা অত্যাধুনিক ইসরাইলি মিরকাভা ট্যাংক অকার্যকর করে দিতে সক্ষম হয়েছে। এই একই জিনিস ২০০৬ সালের লেবানন যুদ্ধে হিজবুল্লাহ সেনারাও অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করেছিল।

ইসরাইল গাজায় মিলিটারি অপারেশনের জন্য দুটি লক্ষ্য নির্ধারণ করেছিল - হামাসের রকেট হামলার প্রতিরোধ এবং এদের মিসাইলভাণ্ডার অকার্যকর করা। যুদ্ধবিরতি চুক্তি ছাড়া রকেট আক্রমণ প্রতিরোধ করা যেত না এবং হামাসের অস্ত্রভাণ্ডার তথা প্রতিরক্ষা ব্যবস্থার উপরও এর কিছুটা প্রভাব পড়েছে। এই অপারেশন ছিল ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর আরেকটি ব্যর্থতা। ২০০৬ সালের লেবানন যুদ্ধে হারের পর এই প্রতিরোধ ইসরাইলি তথাকথিত অপরাজেয় বাহিনীর জন্য ছিল আরেকটি ধাক্কা।

কিছুদিন আগে হিজবুল্লাহ ইসরাইলকে সতর্ক করে দিয়েছে যে, এর দক্ষিণ সীমান্তের শহরগুলোর উপর হাজারো মিসাইলের বর্ষণ ঘটবে - যদি তারা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেয়। মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্যের পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে হামাস ইসরাইলকে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিল। এর পরিণতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কৌশলগত পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ এলো। বিশেষ করে মিশরের জন্য সুযোগ এলো ইসরাইলের পরিবর্তে ওই অঞ্চলের সবচেয়ে প্রতাপশালী খেলোয়াড় হওয়ার।

ওমর শরীফ

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির বিশ্লেষণ

তাহরীর ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশ্লেষণ

প্রশ্ন: ১লা জুন, ২০১২ তারিখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিওন পেনেট্টা সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলনে ঘোষণা করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার ৬ টি এয়ারক্রাফট  ক্যারিয়ার রাখবে এবং ২০২০ সালের মধ্যে সামনের বছরগুলোতে যুদ্ধ জাহাজসমূহের ৬০ ভাগ এ অঞ্চলে সরিয়ে নিয়ে আসবে। সে ব্যাখ্যা করে যে, নতুন মার্কিন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে ফ্লিটগুলো স্থানান্তর করা হচ্ছে। সুতরাং এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর অধিকাংশ যুদ্ধ জাহাজ স্থানান্তরের কারণ কি? আমেরিকা কি বর্তমান বা ভবিষ্যত চীনকে ভয় পাচ্ছে? এবং কখন চীন এ অঞ্চলে তার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করবে?

উত্তর: এ প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের নিচের বিষয়গুলোর উপর আলোকপাত করা দরকার:

১. এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট  বিষয়ে বিরোধ রয়েছে:

ক. যেমন: জাপান, চীন, তাইওয়ান, উত্তর ও দক্ষিণ কোরিয়া। এ রাষ্ট্রগুলোর মধ্যে পূর্ব চীন সাগরের সার্বভৌমত্ব, কিছু দ্বীপের মালিকানা, নৌ চলাচল ও মৎস শিকারের স্বাধীনতা  নিয়ে রয়েছে বিরোধ।

খ. একই রকম হল: ফিলিপিনস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। এ রাষ্ট্রগুলোর মধ্যে দক্ষিণ চীন সাগরের সার্বভৌমত্ব, কিছু দ্বীপের মালিকানা ও মালাক্কা প্রণালী নিয়ে পারস্পরিক সমস্যা, নৌ চলাচল ও মৎস শিকারের স্বাধীনতা নিয়ে রয়েছে বিরোধ।

গ. এবং এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভারত মহাসাগরের বর্ধিত অংশ, যার উপকূলে রয়েছে উত্তর বার্মা, বাংলাদেশ, ভারত, এবং পাকিস্তান পর্যন্ত বিস্তৃত যা আরব সাগরের নিকটবর্তী (যা ভারত মহাসাগরের বর্ধিত একটি অংশ) এবং অতঃপর ওমান উপসাগর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল, এডেন উপসাগর ও বাব আল মানদিব প্রণালী হয়ে লোহিত সাগর (যা ভূমধ্যসাগরে যাওয়ার একটি রাস্তা) পর্যন্ত বিস্তৃত।

ঘ. এছাড়াও এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ ভারত মহাসাগরের উত্তর উপকূল পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং যাদের অধিকাংশই মুসলিম। এ অঞ্চলে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং মোট মুসলিম উম্মাহ্র অর্ধেকের বসবাস।

২. সমুদ্র পথসমূহকে স্থলপথের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, কেননা এসব পথ দিয়ে জাহাজের মাধ্যমে প্রচুর পরিমাণে পণ্য পরিবহন করা সম্ভব হয়। এতে খরচ কম হয় এবং কোন নির্দিষ্ট দেশের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থাকা প্রণালী বা সমুদ্রপথ দিয়ে যাওয়া ব্যাতিরেকে জাহাজগুলো বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দেয়ার সময় তল্লাশি এড়িয়ে চলে যেতে পারে। স্থলপথের ব্যাপক উন্নয়ন ও বিশালাকারের লরি উৎপাদিত হওয়া এবং আকাশপথের প্রভূত উৎকর্ষ সাধিত হওয়া সত্ত্বেও আজকের দিনে ৯০ ভাগেরও বেশী পণ্য জলপথে জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়। কেননা স্থল ও আকাশপথে পণ্য পরিবহন ব্যায়বহুল ও জলপথের মত এত বেশী পণ্য পরিবহন করাও সম্ভব নয়। পাইপলাইনের উন্নতি সাধনের পরও জলপথে জাহাজের মাধ্যমে মোট তেলের শতকরা ৬৫ ভাগ পরিবহন করা হয়। সুতরাং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়েই উপসাগরীয় অঞ্চল থেকে এ অঞ্চলের দেশগুলোতে মোট তেল ও গ্যাসের শতকরা ৭০ ভাগ পরিবহন করা হয়। তাছাড়া এ অঞ্চলে আগামী দশকের মধ্যে তেলের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে, বিশেষ করে চীন ও ভারতে। দু মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ হলো মালাক্কা প্রণালী যা মালয়েশিয়া উপদ্বীপ ও ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে প্রায় ৮০০ কিঃমিঃ অঞ্চল জুড়ে বিস্তৃত। পৃথিবীর মোট পণ্যের ৪০ ভাগ এবং তেল ও গ্যসের প্রায় অর্ধেক এই পথ দিয়ে পরিবহন করা হয়। এটি চীন ও ভারত এবং পূর্ব থেকে পশ্চিমে পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সমুদ্রপথের বিবেচনায় এ অঞ্চলের গুরুত্ব অত্যাধিক।

৩. তাছাড়া কৌশলগত কারণেও এ অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন এ অঞ্চলে নিয়ন্ত্রন ও আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। কেননা ঐতিহাসিক ও ভৌগলিক কারণে এটিকে সে তার অঞ্চল মনে করে। এছাড়া এ অঞ্চলে রয়েছে তার অর্থনৈতিক স্বার্থ©| এ অঞ্চলে চীন একটি প্রধান রাষ্ট্র এবং এ অঞ্চলে প্রভাবশালী হওয়ার জন্য সে কাজ করছে। কিন্তু এখনও সে এটি করতে সমর্থ্য হয়নি। মার্কিন আধিপত্য এ অঞ্চলে খুব প্রভাবশালী। ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের হুমকির কারণে এ অঞ্চলের ব্যাপারে আগ্রহী ছিল। কেননা রাশিয়ার রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে নিজস্ব উপকূলীয় সীমারেখা। আমেরিকা সে সময় এ অঞ্চলে ৬০০ যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। যখন ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে গেল, সমাজতান্ত্রিক শাসনের পতন ঘটল ও সোভিয়েত ইউনিয়ন ভেঁঙ্গে গেল এবং আমেরিকার জন্য হুমকি হ্রাস পেল তখন যুদ্ধজাহাজের সংখ্যা অর্ধেকেরও বেশী হ্রাস করা হল, যার সংখ্যা ২৭৯। ২০০৮ এ যুদ্ধজাহাজের সংখ্যা ছিল ২৮৫। এ অঞ্চলে তার কোন প্রতিদ্বন্দী বা হুমকির অস্তিত্ব না থাকায় এ সংখ্যায় আমেরিকা সন্তুষ্ট ছিল।

তাছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাঘাটিতে আমেরিকার স্থায়ী সেনা উপস্থিতি রয়েছে-উভয়টিই পূর্ব চীন সাগরে অবস্থিত। এছাড়াও ফিলিপাইনে সেনাঘাটি রয়েছে যা দক্ষিণ চীন সাগরে অবস্থিত। এখানে তার অর্ধমিলিয়ন সৈন্য রয়েছে। বিগত শতকের পঞ্চাশের দশক থেকে এ অঞ্চলে তার অব্যাহত সামরিক উপস্থিতি রয়েছে।

৪. ইরাক ও আফগানিন্তানে মুসলিমদের হাতে পরাজয় বরণ ও ২০০৮ এ তীব্র অর্থনৈতিক সংকটের পর আমেরিকার অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার পর চীন উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য এ অঞ্চলে তার প্রভাব বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে শক্তি বাড়ানোর জন্য কাজ শুরু করেছে। হয়ত আমেরিকার পুরোপুরি পতন হতে পারে, অথবা ইতোমধ্যে যেরকম প্রকম্পন শুরু হয়েছে হয়তো তার চেয়ে আরও ভয়াবহভাবে প্রকম্পিত হওয়ার কারণে এ অঞ্চলে তার প্রভাব বজায় নাও থাকতে পারে অথবা মুসলিমগণ এ অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না...

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে, চীন বৃহৎ বিশ্বশক্তির অন্তর্ভূক্ত নয় এবং এটি নেতৃস্থানীয় রাষ্ট্র হিসেবে আমেরিকার অবস্থানকে চ্যালেঞ্জ করার জন্য কাজ করছে না, তবে চীন এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রধান আঞ্চলিক দেশ। সেকারণে চীন অর্থনৈতিক ও কৌশলগত কারণে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। পূর্ব চীন সাগরে চীন সার্বভৌম হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এবং এতে যদি সে সফল হয় তাহলে সে জাপান ও দক্ষিণ কোরিয়াকে তার করায়ত্ত্বে আনতে পারবে এবং উত্তর কোরিয়াকেও, যেখানে ইতোমধ্যে চীনা প্রভাব বিদ্যমান রয়েছে। চীন, দক্ষিণ চীন সাগরের উপরও তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং এর মাধ্যমে ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাউস, ব্রুনাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াকে তার প্রভাব বলয়ের মধ্যে নিয়ে এসে মালাক্কা প্রণালীকে নিয়ন্ত্রন করা যাবে, যা তার জন্য জীবনসম একটি পথ। যদি চীন এ অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা তার প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সে ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং মার্কিন প্রভাবকে দারুণভাবে হুমকির সম্মুখীন করতে পারবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণকারী ইস্যু এবং যে কোন মূল্যে কখনওই সে এটিকে হতে দিবে না।

৫. আমেরিকা দুদিক থেকে তার ভূমিকে সুরক্ষা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করে, অর্থাৎ তাকে ঘিরে থাকা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর দিয়ে। আটলান্টিক মহাসাগর দিয়ে বর্তমান আমেরিকার জন্য কোন হুমকি নেই। কারণ ইউরোপীয় রাষ্ট্রসমূহ আটলান্টিকে বা পশ্চিম আটলান্টিকের পরের দক্ষিণ আমেরিকায় এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দিতাপূর্ণ কোন কিছুই করছে না। আমেরিকা আটলান্টিক বা তার পরের অংশে ইউরোপ থেকে অনতিদূর ভবিষ্যতে কোন হুমকি আশা করে না। সুতরাং আমেরিকা অন্যান্য অংশে বেশী গুরুত্ব প্রদান করছে, যেমন: প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর, উপসাগর ও বাব আল মানদিব প্রণালী। একারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি বৃদ্ধির জন্য সে আটলান্টিকে শক্তি হ্রাস করেছে। প্যানেট্টা এ ব্যাপারে বিস্তারিতভাবে বলে যে, ২০২০ সালের মধ্যে ৬টি এয়ারক্রাফট ক্যারিয়ার, অধিকাংশ আমেরিকান ক্রুজার, ডেসট্রয়ার, কম্ব্যাট  শীপ ও সাবমেরিনসহ নৌ শক্তির ৬০ ভাগ এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে। সে চীন ও এ অঞ্চলের দেশসমূহের মধ্যে বিরোধের ব্যাপারে উল্লেখ করে এবং বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পরিষ্কার। আমরা সংযম অবলম্বন  করা ও কূটনৈতিক সমাধানের আহ্বান করছি এবং যে কোন ধরণের উসকানিমূলক আচরণ ও শক্তি প্রয়োগের বিরোধী।” সে দাবি করে যে, তার দেশ একটি দেশের স্বার্থে  অন্য একটি দেশের সাথে বৈষম্যমূলক আচরণ করে না। (ইউএস ইউপিআই এজেন্সি, ২রা জুন ২০১২) ইউপিআই উল্লেখ করে যে, প্রেসিডেন্ট বারাক ওবামা নভেম্বরে  বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সর্বাধিক প্রাধান্যযোগ্য।”এবং ইউপিআই আরও উল্লেখ করে যে, “মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এ অঞ্চলে দৃষ্টিপাত করেছে যখন ভারত ও চীন বিশ্ব অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে এবং ইরাক থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার ও আফগানিস্তান থেকে আসন্ন আমেরিকান সৈন্য প্রত্যাহার করা হচ্ছে।”তাছাড়া এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন সৈন্যের উপস্থিতি তাকে এ অঞ্চলে আগামী বছরগুলোতে মহড়ার সংখ্যা বাড়াতে এবং সাথে সাথে ভারত মহাসাগরসহ প্রশান্ত মহাসাগরের ব্যাপক অঞ্চল জুড়ে তার নৌশক্তি বৃদ্ধির পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। প্যানেট্টা উল্লেখ করে যে, “গতবছর মার্কিন সেনাবাহিনী এ অঞ্চলের ২৪টি দেশে ১৭২ টি প্রশিক্ষণমূলক মহড়ায় অংশ গ্রহণ করেছে।”(বিবিসি ২রা জুন, ২০১২)

৬. মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কর্তৃক ঘোষিত এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশল ১লা জুন, ২০১২ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ওবামা কর্তৃক ঘোষিত নতুন আমেরিকান সামরিক কৌশলের অন্তর্গত, যা তিনটি প্রধান আলোচ্য বিষয়কে কেন্দ্রে রেখে প্রস্তুত করা হয়েছে; প্রমতঃ ইউরোপে সামরিক উপস্থিতি হ্রাস করা, দ্বিতীয়তঃ গুণগত মান বজায় রেখে সামরিক ব্যয় হ্রাস করা, তৃতীয়তঃ চীনের ক্রমবর্ধমান  শক্তিকে খর্ব করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করা, মধ্যপ্রাচ্য ও এশিয়াকে গুরুত্ব প্রদান করা। যেহেতু ইউরোপ থেকে আমেরিকার জন্য কোন বিপদ বা হুমকি নেই, সেহেতু সেখানে ব্যাপক মার্কিন সৈন্যের উপস্থিতির কোন কারণ নেই। এটি সামরিক ব্যয় হ্রাস পরিকল্পনার অংশ। কেননা আমেরিকা এখনও অর্থনৈতিক মন্দায় জর্জরিত এবং তা থেকে বের হয়ে আসতে পারেনি। সে কারণে সে আগামী ১০ বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলার সামরিক ব্যয় হ্রাস করার এবং এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে। সুতরাং এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ শক্তি বৃদ্ধির প্রধান লক্ষ্য হল চীন এবং এ অঞ্চলে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে প্রত্যাশিত হুমকি।

৭. কিন্তু আমেরিকান নৌবাহিনী মোতায়েন ও মালাক্কা প্রণালী হয়ে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর, আরব সাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর পর্যন্ত তার ঘাঁটি বিস্তৃত করার পেছনে আরও কোন কারণ রয়েছে...। এই সৈন্য মোতায়েন কেবলমাত্র চীনের উপকূল ও এর সাগরসমূহে নয়...। আমেরিকা এ অঞ্চলে ইসলামিক শক্তি, “খিলাফত”- এর প্রত্যাশিত উত্থানের ব্যাপারে সতর্ক রয়েছে। আমেরিকা সে কারণে চীন ও আসন্ন ইসলামিক রাষ্ট্রের প্রত্যাশিত ক্ষমতাকে বিবেচনায় এনে সে তার ঘাঁটি বিস্তৃতকরছে ও ইসলামিক অঞ্চলসমূহের উপকূল জুড়ে সৈন্য মোতায়েন করছে... সে আগামী বছরগুলোতে ও দশকে পরিবর্তনের সম্ভাবনার ব্যাপারে নিশ্চিত হয়েছে, অর্থাৎ মুসলিম বিশ্বে ইসলামিক পরাশক্তির উত্থানকে, বিশেষ করে যখন মুসলিম জনসংখ্যার অর্ধেক এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ভারত মহাসাগরের উত্তর উপকূল জুড়ে বসবাস করে, যা পারস্য উপসাগর, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম জনগোষ্ঠির একটি বর্ধিত অংশ। আল্লাহর ইচ্ছায় ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এটি প্রধান কৌশলগত অঞ্চল হয়ে দাঁড়াবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, পূর্বে ইসলামিক রাষ্ট্র তার সূচনালগ্নে এসব ভূমির দ্বারপ্রান্তে কল্যাণ ছড়িয়ে দিতে এসব অঞ্চলে প্রবেশের জন্য কাজ করেছে। তিন শতাব্দী আগে পূর্বদিক থেকে মুসলিমদের মেরুদন্ড ভেঙ্গে দেয়ার উদ্দেশ্যে উপনিবেশ স্থাপন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পশ্চিমা উপনিবেশবাদীরা এ অঞ্চলে অকল্যাণের বীজ বপন শুরু করার আগে এটি প্রায় একটি সম্পূর্ণ মুসলিম ভূমিতে পরিণত হয়েছিল। এই একই সময়ে তারা মুসলিমদের রাষ্ট্র খিলাফতকে ধ্বংস করে ফেলা ও এর ইসলামিক ব্যবস্থাকে নিশ্চিহ্ন করার জন্য পশ্চিম অংশেও উপনিবেশবাদী যুদ্ধ ও ষড়যন্ত্র করছিল... এবং এতে তারা সফলও হয়েছিল। এখন তারা এর প্রত্যাবর্তনকে ভয় পাচ্ছে... এবং আল্লাহর ইচ্ছায় এটি ফিরে আসা এখন সময়ের ব্যাপার মাত্র।

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২

ভু-রাজনীতির কতিপয় মূলনীতি

একটি নির্দিষ্ট সময়ে অনেকগুলো ঘটনা ঘটলে অনেকের চিন্তার জগত এটা ভেবে মেঘাচ্ছন্ন হতে পারে যে, কারা কোন উদ্দেশ্যে এসব করছে? যেহেতু মুসলিম উম্মাহ পুরো পৃথিবীতেই ইসলামের দাওয়াকে ছড়িয়ে দিবে, সেহেতু বিশ্ব বাস্তবতা সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। এ বাস্তবতা অনুধাবন করা এবং বিশ্বের প্রতিটি দেশ ও জাতির রাজনৈতিক পরিকল্পনা ও অভিলাষ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বিশ্ব বাস্তবতা ও ক্ষমতার ভারসাম্যের মত ব্যাপারসমূহ বুঝবার জন্য কিছু জিনিস খেয়াল রাখা দরকার :

১. যে কোন রাজনৈতিক বাস্তবতা কিংবা কোন নীতির কৌশলগত অবস্থান নিরীক্ষণ অথবা কোন আপাত বাস্তবতা সাজানো নাটক কিনা এ ব্যাপারে বুঝতে হলে একজনকে অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি ও বিবাদমান বিভিন্ন পক্ষগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ভূ-রাজনৈতিক বাস্তবতা থেকে সবসময় সঠিক ধারণা পাওয়া যায় না, বরং যেসব রাষ্ট্র বিশ্বব্যাপী শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের বৈদেশিক নীতি সম্পর্কে সামগ্রিক ও ব্যাপক চিন্তা কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য ধরিয়ে দেয়।

২. ভূ-রাজনীতি রাজনীতির একটি অংশ। বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারণা না নিয়ে ভূ-রাজনীতি বুঝতে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। রাজনীতির মাধ্যমে ভূ-রাজনীতি প্রতিভাত হয়। রাজনীতি হল একটি আদর্শের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রের নীতি, পরিকল্পনা ও কার্যপদ্ধতির অপর নাম। আর সেদেশের পররাষ্ট্রনীতি হল রাষ্ট্রের গন্তব্যকে সামনে রেখে গৃহীত নীতিসমূহ। রাজনীতি ভূ-রাজনীতির গতিপ্রকৃতিকে নিয়ন্ত্রন করে। পৃথিবীময় ছড়িয়ে থাকা পানির উৎসসমূহের নিয়ন্ত্রণ, তেলের রাজনীতি, সুয়েজ খালের নিয়ন্ত্রণ অথবা পারস্য উপসাগরীয় সংঘাত এর কোনটিই শুধুমাত্র এদের নিজ নিজ অবস্থানের কারণে নয়, বরং বিভিন্ন জাতির বিবিধ স্বার্থ কৌশলগতভাবে এদের গুরুত্বপূর্ণ করে তুলেছে।

৩. পৃথিবীর কিছু কিছু জাতি আদর্শিক। এই আদর্শই তাদের আইন প্রণয়ন ও পরিকল্পনার ক্ষেত্রে দিকনির্দেশনা দেয়। যেমন: মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানী পুঁজিবাদী আদর্শের বিশ্বাসী রাষ্ট্র আবার এরকম অনেক রাষ্ট্র রয়েছে যারা ঠিক আদর্শিক নয়, তবে তাদের ইতিহাস ও অবস্থান নীতি প্রণয়নের ক্ষেত্রে অনুপ্রাণিত করে। নিজস্ব স্বার্থ নীতিসমুহের গতিপ্রকৃতি নির্ধারণ করে, যেমন- পাকিস্তান ভারতের মধ্যে একধরণের সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে এবং তিব্বত চীন থেকে স্বাধীন হতে চায়। আদর্শের প্রয়োগ অথবা জাতীয় স্বার্থের কারণেই বিশ্বরাজনীতি দ্বন্দ্ব বিক্ষুদ্ধ হয়ে উঠে।

৪. সব দেশের অবস্থা সর্বদা একরকম থাকে না। শক্তিমত্তা অথবা দুর্বলতা, প্রভাব বলয় থাকা অথবা না থাকা, অন্য দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি বিভিন্ন দিক থেকে একটি দেশের অবস্থান পরিবর্তনশীল। একারণে একটি ধ্রুব সত্যের ভিত্তিতে কোন দেশ সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হওয়া অসম্ভব। কারণ পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির কারণে রাষ্ট্রের গতিপ্রকৃতি ও নীতিসমূহ পরিবর্তন হয়। একটি নির্দিষ্ট সময়ের জন্য করা একটি মন্তব্য এ শর্তসাপেক্ষে সঠিক হতে পারে যে, তা সময়ের সাপেক্ষে ধ্রুব নয়। যে কোন দেশের ক্ষমতাও সময় নিরপেক্ষ নয়।

৫. বিশ্বের বিবিধ দেশের মধ্যকার আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো আন্তর্জাতিক পরিস্থিতির পরিচায়ক। এই পরিস্থিতি সুপার পাওয়ার ও তার সাথে বিবদমান পক্ষগুলোর সম্পর্কের আলোকে নির্ধারিত হয়। বিশ্বের সুপারপাওয়ারদের সম্পর্কে ধারণা ছাড়াও ক্ষমতার ভারসাম্যে অবদান রাখা পক্ষগুলো এবং এদের নীতি ও পরিকল্পনা বুঝতে হলে আন্তর্জাতিক সম্পর্কের জ্ঞান থাকতে হবে। এসব নীতি ও পরিকল্পনা হল সুপারপাওয়ারের সাথে অন্যান্য শক্তি সমূহের দ্বান্দ্বিক সম্পর্কের প্রত্যক্ষ ফলাফল। একারণে আন্তর্জাতিক পরিস্থিতি সুস্থির নয় বরং পরিবর্তশীল। বৈশ্বিক ভারসাম্যের যে কোন আলোচনা সময়ের ফ্রেমে সীমাবদ্ধ। যখন আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হয় তখন এ আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না বরং ইতিহাসের অংশ হয়ে যায়।

৬. রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে একটি দশা থেকে অন্য দশায় স্থানান্তরিত হওয়া পরিস্থিতি পরিবর্তনশীল বিশ্বব্যবস্থাকে নিয়ন্ত্রন করে। পরিস্থিতি ও অবস্থার এ পরিবর্তন রাষ্ট্রের শক্তিশালী অথবা দূর্বল হওয়া কিংবা অন্যদের সাথে সে রাষ্ট্রের সম্পর্কের শক্তিশালী কিংবা দুর্বল হওয়ার ফল। এসবক্ষেত্রে বিশ্বশক্তিসমূহের ক্ষমতার ভারসাম্যের কারণে বৈশ্বিক ভারসাম্য নির্ধারিত হয়। একারণে ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে বিশ্বরাজনীতিতে অবদান রাখা বিবিধ রাষ্ট্রের অবস্থা সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য।

৭. একটি নির্দিষ্ট সময়ে বিশ্ব বাস্তবতা বুঝতে হলে একজনকে পুরো বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে এমনটি নয়। পৃথিবীময় ক্ষমতার ভারসাম্য যেহেতু শক্তিধর রাষ্ট্রের দ্বন্দ্বের কারণে নির্ধারিত হয় সেকারণে দুর্বল ও প্রভাব বিস্তারে অক্ষম রাষ্ট্রসমূহ সম্পর্কে বিশদ জ্ঞান থাকার আবশ্যকতা নেই।

-       মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে সংকট তা চীন ও মার্কিনীদের মধ্যকার সংঘাতেরই বহিঃপ্রকাশ। চীন তার পেছনের দরজায় কোন ধরনের সংঘর্ষ চায় না বলেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার একত্রিকরণের ব্যাপারে বহুপাক্ষিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ ধরনের বৈঠক থেকে আসা সংকেতসমূহ ছিল পরস্পরবিরোধী। চীন এসব প্রচেষ্টায় গা-ছাড়া হতাশাব্যঞ্জক ভূমিকা পালন করলেও মার্কিনীরা যুতসই কুটনীতির মাধ্যমে সুবিধা আদায় করে নিয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি উত্তর কোরিয়ার সাথে আলোচনায় না বসায় পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। প্রলম্বিত ও হতাশাব্যঞ্জক অগ্রগতি ঐ অঞ্চলে প্রায় ১০০০০০ এর মত মার্কিন সেনার অবস্থানকে সমর্থন যোগাচ্ছে। কারণ ২০০৬ সালে উত্তর কোরিয়া কর্তৃক পারমাণবিক বোমার পরীক্ষার মাধ্যমে আরও দীর্ঘ সময় ধরে দক্ষিণ কোরিয়ায় মার্কিন উপস্থিতির যৌক্তিকতা পুনপ্রমাণিত হয়েছে। জে রিলে একটি কৌশলপত্রে উল্লেখ করেন: ‘অত্র অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা কেবলমাত্র অস্থিতিশীলতা সৃষ্টিকারী “সন্ত্রাসী সংগঠনগুলোর”-এর জন্য নয়, বরং দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণই উপস্থিতির প্রধান কারণ। প্রচুর পরিমানে তেল সম্পদে সমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চল মধ্যপ্রাচ্যের জাহাজ চলাচলের পথের খুব কাছে অবস্থিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রগুলোতে প্রবেশের জন্য সুগম। মার্কিনীদের প্রলম্বিত উপস্থিতি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সাথে সামরিক জোট গঠন চীনের হতাশাকে বাড়াচ্ছে এবং আসিয়ানের মত আঞ্চলিক ফোরাম থাকা সত্ত্বেও দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের স্বাধীন ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে।’

-       পূর্ব ইউরোপের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধের জের ধরেই দক্ষিণ ওসেটিয়া জর্জিয়া থেকে স্বাধীন হওয়ার ডাক দিচ্ছে। সোভিয়েত ইউনিয়ন উত্তর সময়ে রাশিয়াকে চাপে রাখার জন্য ও প্রভাব বলয়ের ভেতর রাখবার জন্য মার্কিনীরা বলকান যুদ্ধের অবতারণা করেছিল। ঐতিহাসিক কারণে সার্বিয়াকে রাশিয়া তার দলে ভেড়াতে পেরেছে এবং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। মার্কিন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিয়া একটি বড় বাধা ছিল। সেকারণে শুরুতেই সার্বিয়া থেকে মন্টিনিগ্রো পৃথকীকরণের মাধ্যমে একে দুর্বল করার প্রচেষ্টা চালানো হয় এবং পরবর্তীতে কসোভোকে সার্বিয়া থেকে আলাদা করা হয়। এ লক্ষ্য অর্জনের জন্য কসোভোতে সার্বিয় অবস্থান এবং সার্বিয়ার ভেতরে ন্যাটো হামলা পরিচালনা করে। উত্তর ওসেটিয়া হল রাশিয়ার একটি আধা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল। অপরদিকে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় জর্জিয়ার অন্তর্গত ছিল দক্ষিণ ওসেটিয়া। এ অঞ্চলে মার্কিনীদের বিপাকে ফেলবার জন্য রাশিয়া তার প্রভাব ব্যবহার করে উত্তর ওসেটিয়া মাধ্যমে দক্ষিণ ওশেটিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করে। রাশিয়া সেকারণে তাসকিনভ্যালী (Tskhinvali) অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখে। অধিকাংশ দক্ষিণ ওসেটিয়দের রাশিয়ান পাসপোট রয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে তারা রাশিয়ান মুদ্রা রুবল ব্যবহার করে।

-       তিব্বত থেকে চীনের বিচ্ছিন্নতার আহবান মূলতঃ চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফসল। ১৯৫০ এর দশকে চীন সমাজতন্ত্রকে তার আদর্শ হিসেবে গ্রহণের পর থেকে সি.আই.এ এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে। ১৯৫৯ সালে সংগঠিত রক্তক্ষয়ী মুক্ত তিব্বত আন্দোলন মূলত সমাজতান্ত্রিক চীনের বিরুদ্ধে সি.আই.এ সমর্থিত গোপন অভ্যুত্থান প্রচেষ্টা। হাজার হাজার তিব্বতি এতে জীবন দিলেও দালাই লামা ও তার প্রায় ১০০০০০ এর মত অনুসারী দুর্গম হিমালয় দিয়ে নেপাল ও ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়। সি.আই.এ আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের কেম্প হিলের নিকটে লিডভিলে দালাইলামার অনুসারীদের জন্য গোপন সামরিক প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করে। তিব্বতীয় গেরিলাদের প্রশিক্ষণ দেয়া হয় যাতে তারা সমাজতান্ত্রিক চীনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ ও অন্তর্ঘাতী আক্রমন পরিচালনা করতে পারে। জিনজিয়াং প্রদেশের উইগুরের মুসলিম, ফালুংগং সম্প্রদায় সহ আরও অনেক স্বাধীনতাকামীদের নিয়ে চীন বেশ বিপদেই আছে। তিব্বতের লোকজন নির্যাতনকারী বেইজিং এবং চীনকে দুর্বলকারী সুযোগসন্ধানী ওয়াশিংটনের ফাঁদে পড়ে বেশ জুলুমের মধ্যে রয়েছে।

৮. সময়ের শুরু থেকেই বিশ্বশক্তি সমূহের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে, থাকবে শেষ দিন পর্যন্ত। ফেরাউনের অধীনে থাকা মিশর ছিল প্রাচীনকালের সুপারপাওয়ার এবং মেসোপটিয়ানরা ছিল তাদের প্রতিপক্ষ। রোমানরা ছিল সুপারপাওয়ার এবং পারস্যরা ছিল তাদের প্রতিপক্ষ। খিলাফত তারপর অবশিষ্ট পারস্য ও বাইজানটাইন সভ্যতাকে পরাজিত করে এবং আঠারশ শতকের আগ পর্যন্ত মঙ্গোলীয় ও ক্রুসেডারদের চ্যালেঞ্জ্যের মুখে পড়ে। আঠারশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় তিন শতাব্দীকাল ধরে ওসমানিয়া খিলাফতের প্রতিদ্বন্দ্বী ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড। প্রথম মহাযুদ্ধের সময় জার্মানী ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন নিয়ে আসে এবং এসময় ফ্রান্স এবং ব্রিটেন তার সাথে প্রতিযোগিতা করে। জার্মানী আবারও দ্বিতীয় মহাযুদ্ধের মাধ্যমে ব্রিটেনকে সুপারপাওয়ার হিসেবে চ্যালেঞ্জ করে এবং এর মাধ্যমে জার্মানীর প্রতিপত্তি খর্ব হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর যুক্তরাষ্ট্র নতুন সুপারপাওয়ার হিসেবে আর্বিভূত হয় এবং সোভিয়েত ইউনিয়ন ১৯৯০ সালে ধ্বংসের আগ পর্যন্ত প্রায় পাঁচ দশক ধরে প্রতিদ্বন্দী হিসেবে ছিল।

৯. ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সুপারপাওয়ার। যদিও দোদুল্যমান, তারপরও বিশ্বের সর্বত্র আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব এখনও বেশ প্রবল। এ দেশটির রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি, ব্যাপক প্রযুক্তিগত উৎকর্ষতা এবং স্বীয় স্বার্থ সুরক্ষার জন্য পৃথিবীময় সামরিক ঘাটি। আমেরিকার সাথে প্রতিযোগিতায় সক্ষম জাতিসমূহের মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং জার্মানী। আন্তর্জাতিক ক্ষেত্রে এ চারটি রাষ্ট্রের রয়েছে উচ্চাকাংখা। গত দশকে রাশিয়া তার খনিজ সম্পদ ও শক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের মাধ্যমে অর্জনকারী সুবিধাভোগীদের সমূল উৎপাটনে সমর্থ হয়েছে। মার্কিনীরা সে অঞ্চলে এক দশক অপ্রতিদ্বন্দ্বী থাকবার পর এখন রাশিয়ার বিশাল খনিজ সম্পদে আর্শীবাদপুষ্ট অত্যাধুনিক সামরিক বাহিনীর চ্যালেঞ্জের সমুখীন হচ্ছে।

-       ব্রিটেন ঐতিহাসিকভাবে বিশ্বশক্তি ছিল এবং এখনও তার উপনিবেশের আওতায় ছিল এরকম রাষ্ট্রসমূহের উপর নিয়ন্ত্রণ রয়েছে। ইউরোপে ব্রিটেন প্রধান শক্তি এবং সেখানে অনেক মার্কিন পরিকল্পনাকে তারা ভন্ডুল করে দিয়েছে। বৈশ্বিক শক্তি হবার বাসনা ব্রিটেনের বরাবরই রয়েছে এবং এর জন্য প্রয়োজনে কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতাপূর্ণ আবার কখনওবা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

-       ব্রিটেনের মত ফ্রান্সও ইতিহাস ও রাজনৈতিক কারণে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ। দশকের পর দশক ধরে তার উপনিবেশসমূহে বিভিন্ন নীতি, ফরাসি সংস্কৃতি ও অর্থনৈতিক শক্তির মাধ্যমে বিশ্বে প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে।

-       ২.৭ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে জার্মানী বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ইউরোপের অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউস। ১.১ ট্রিলিয়ন ডলারের রপ্তানী বাণিজ্য রয়েছে এদেশটির। পূর্ব ইউরোপে কিছু বিশেষ নীতিমালাসহ জার্মানী এখন অর্থনৈতিকভাবে বিস্তার লাভ করছে। তারা ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যকার বন্দী বিনিময়ে সফলভাবে মধ্যস্ততা করেছে। ২০০৬ সালে ইসরাইল কর্তৃক লেবানন দখলের সময় জার্মানী একটি নৌবাহিনী মোতায়েন করে। দুটি ফ্রিগেডের সমন্বয়ে এটি গঠিত ছিল- মেকলেনবার্গ-ভোরপোমার্ণ এবং কার্লশ্রুহে যা হেলিকপ্টার, সরবরাহ জাহাজ এবং ১৫০০ লোকের ধারণক্ষমতাসম্পন্ন পেট্রোল নৌকা সমৃদ্ধ। দ্বিতীয় মহাযুদ্ধের পর এটি জার্মানীর সবচেয়ে বড় সামরিক সমাবেশ।

-       মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারে এমন দেশসমূহের পরেই সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশের তালিকায় রয়েছে চীন-যদিও এটা এখনও আঞ্চলিক শক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। যদি চীন কেবলমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধির প্রয়াস অব্যাহত রাখত-তাহলে এতদিনে বিশ্বশক্তি হিসেবে অনায়াসে আবিভূর্ত হতে পারত। আশা করা যায় ভবিষ্যতে এ দৃশ্যপট পরিবর্তিত হবে।

-       মার্কিনীদের পর জাপান অর্থনৈতিক দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম। অর্থনীতি ছাড়া এর প্রভাব বিস্তার করার মত আর কোন দিক নেই। তবে এ দেশটির বর্তমান নীতি হল আফগানিস্তানে সামরিক জোটে অংশ নেয়া এবং সংবিধানের ৯ নং অনুচ্ছেদের বিলোপ সাধন করে সৈন্য মোতায়েন ও পারমাণবিক বোমা প্রস্তুত করার অধিকার লাভ করা। এটা আসলে এ অঞ্চলে চীনের সাথে শক্তির ভারসাম্য বিধান করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে।

-       বিশ্বের বড় বড় ক্ষমতাধর শক্তিগুলো নিয়ে আলোচনার পর কিছু কিছু জাতি নিয়ে কথা বলা দরকার যেগুলো ঐতিহাসিক এবং অবস্থানগত কারণে অল্পসংখ্যকক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং যা অস্থায়ী। যেমন ভারতের রয়েছে বিশাল জনসংখ্যা ও পারমাণবিক শক্তি এবং তার আশেপাশের অঞ্চলকে প্রভাবিত করার মত সক্ষমতা। একইভাবে দ্বিতীয় মহাযুদ্ধের আগে ইটালী একটি গুরুতপূর্ণ শক্তি ছিল।

বর্তমানে এটা হল বিশ্বশক্তির ভারসাম্যের ব্যাপার, যা সময়নিরপেক্ষ নয়। বিশ্বশক্তিসমূহের ইতিহাস, তাদের উন্নয়ন, তাদের বিশ্বাস এবং বোধ, তাদের আদর্শ প্রত্যেকটি রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা দেয়। এসকল শক্তিসমূহ নিজেদের সাথে এবং কখনও কখনও পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। আন্তর্জাতিক বিশ্ব পরিস্থিতি প্রকৃতপ্রস্তাবে বিশ্বশক্তিসমূহের মধ্যকার স্বাথর্গত দ্বন্দ্বের ফলাফল।

১০. মুসলিমদের একটি ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে যে, বিশ্ব পরিস্থিতি যা আমাদের সামনে তুলে ধরা হচ্ছে তা সবসময় সত্য নাও হতে পারে এবং অনেক সময় অল্প প্রয়াসে এগুলো পরিবর্তন করা সম্ভব। উনিশ শতক পর্যন্ত মুসলিম উম্মাহ বিশ্বশক্তি ছিল এবং পুরো পৃথিবীর রাজনীতিকে প্রভাবিত করত। ১৯২৪ সালে মুসলমানদের সত্যিকারের রাজনৈতিক নেতৃত্ব ওসমানিয়া খিলাফতের পতনের পর আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রভাব হ্রাস পেতে থাকে। কেননা এসময় তাদের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রব্যবস্থা না থাকায় তারা এখন অধ:পতিত, ক্লিষ্ট এবং নির্যাতিত। কিন্তু বর্তমান পরিস্থিতি নিকট অতীত থেকে পরিবর্তিত হতে শুরু করেছে। যেকারণে খিলাফত ফিরে আসবার ব্যাপারটি আজ আর শুধু মুসলিমদের মূলধারার চেতনা নয় বরং অমুসলিমদের কন্ঠেও প্রতিধ্বনিত হচ্ছে। মুসলিম উম্মাহ পশ্চিমের ব্যর্থ চিন্তার তিক্ত অভিজ্ঞতা ইতোমধ্যে পেয়ে গেছে। সেকারণে তারা পুঁজিবাদকে প্রত্যাখ্যান করেছে এবং ইসলামকে ব্যাপকভাবে গ্রহণ করতে শুরু করছে। আর খিলাফত ফিরে আসবার ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) এর ভবিষ্যদ্বাণী হাদীস থেকে আমরা জানতে পারি:

‘তোমাদের মধ্যে নবুয়্যত ততদিন থাকবে যতদিন আল্লাহ চান, তারপর তিনি তার অবসান ঘটাবেন। তারপর নবুয়্যতের আদলে খোলাফায়ে রাশেদীন আসবে। এটাও ততদিন থাকবে যতদিন আল্লাহ চান, তারপর তিনি এরও অবসান ঘটাবেন। এরপর আসবে যন্ত্রণাদায়ক বংশের শাসন। এটাও ততদিন থাকবে যতদিন আল্লাহ চান, তারপর তিনি এরও অবসান ঘটাবেন। অতপর আসবে জুলুমের শাসন আর তা ততদিন বলবৎ থাকবে যতদিন আল্লাহ চান। আল্লাহর ইচ্ছায় একদিন এরও অবসান হবে। তারপর আসবে নবুয়্যতের আদলে খিলাফত (খোলাফায়ে রাশেদা)। অতপর তিনি (সা.) চুপ থাকলেন।’ (মুসনাদে ইমাম আহমদ (২৭৩))

রবিবার, ২০ মে, ২০১২

তৃতীয় বিশ্বকে তাদের উন্নয়নের জন্যই অর্থনীতিকে আরও উদার করতে হবে


বিগত তিন দশক ধরে পুরো বিশ্ব আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিবাদের আধিপত্য দেখেছে । এটা অর্থনৈতিক উন্নয়নকে করায়ত্ব করেছে এবং পুরো পৃথিবীতে তার অর্থনৈতিক দর্শনকে প্রতিষ্ঠিত করেছে । এশীয় বাঘ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, এবং হংকং উদার অর্থনৈতিক নীতি গ্রহণ করে সাফল্য লাভ করেছে এবং এগিয়ে গিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের মত শিল্পায়ন এবং উদার অর্থনৈতিক চিন্তা গতানুগতিক সমাজ ও অর্থনীতিতে এক ধরনের রূপান্তর ঘটায় । এর প্রভাব দরিদ্র দেশ সমূহকে উন্নয়নের পথে নিয়ে যায়- যে পথে পশ্চিমা শিল্পোন্নত বিশ্ব শিল্প বিপ্লবের সময় গিয়েছে ।

বর্তমান দরিদ্রতা পৃথিবীর অধিকাংশ জনগণের বাস্তবতা। প্রায় ৩ বিলিয়ন লোক ২ ডলারের কম আয় করে ।অন্য ১.৩ বিলিয়ন লোক ১ ডলারের কম আয় করে। ৩ বিলিয়ন লোকের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই এবং ২ বিলিয়ন লোক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। উদার নীতি গ্রহণের কারণে পুরো পৃথিবী জুড়েই সম্পদের আকাশসম অসম বণ্টন এবং দারিদ্র সুনিশ্চিত হয়েছে। উদার নীতি পশ্চিমা বিশ্বকে সমৃদ্ধ করে বাকি বিশ্বকে দারিদ্র উপহার দিয়েছে। উদার অর্থনীতি কোনভাবেই দারিদ্র বিমোচন সহায়ক নয়। সেকারণে তৃতীয় বিশ্ব এ নীতির প্রয়োগের কারণে দারিদ্র আরও ঘনীভূত হয়েছে ।

উদার নীতি পশ্চিমে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছে-যার উদাহরণ যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে প্রবল । উদাহরণ হিসেবে যদি যুক্তরাজ্যের কথা বলি তাহলে দেখা যাবে যে , ২০০৫ সালে তাদের মোট বার্ষিক উৎপাদিত সম্পদ ও সেবার পরিমাণ প্রায় ২.২ ট্রিলিয়ন পাউন্ড –যা বিগত বছরের তুলনায় বেশী ছিল। অনেকে এক উদার নীতি গ্রহণের কারণে মানুষের সম্পদ বৃদ্ধির পরিচায়ক হিসেবে তুলে ধরতে চাইবেন। অর্থাৎ জনগণ এখন খুশী- কারণ তাদের খরচ করার মোট সম্পদ বেড়েছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি কিভাবে ব্রিটেনের ৬০ মিলিয়ন জনগন এ সম্পদকে গ্রহণ করেছিল। ২০০৫ সালে প্রকাশিত এইচ.এম রেভিনিউ এন্ড কাস্টমস- এর উপাত্ত অনুযায়ী সর্বোচ্চ ধনী শতকরা ১০ ভাগের কাছে রয়েছে জাতীয় সম্পদের শতকরা ৫০ ভাগ এবং শতকরা ৪০ ভাগ ব্রিটিশ জনগণ এ সম্পদের মাত্র ৫ ভাগ ভোগ দখল করে। সে কারণে বৃটেনের অধিকাংশ জনগণকে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ধার করতে হয়। এ কারণে যুক্তরাজ্যে ভোক্তা ঋণের পরিমাণ প্রায় ১.৩ ট্রিলিয়ন পাউন্ড যা তাদের মোট অর্থনীতির চেয়ে বড়। আমেরিকার অবস্থা আরও ভয়াবহ। তারা হয়ত বছরে ১৩ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ তৈরি করে কিন্তু জাতীয় ঋণের পরিমাণ ৮ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ মার্কিন জনগণ ঋণের মাধ্যমে তাদের ব্যয় নির্বাহ করছে, যতই তারা সম্পদ ও সেবা তৈরি করুক না কেন। ২০০৫ সালে হার্ভাড ইউনিভার্সিটির এক রিপোর্টে বলা হয়, শতকরা ১০ ভাগ জনগণ ৭০ ভাগ সম্পদ ভোগ করে এবং শীর্ষে ১ ভাগ ৪০ ভাগ সম্পদ নিয়ন্ত্রণ করে। অপরদিকে ৪০ ভাগ জনগণ শতকরা ১ ভাগ সম্পদ ভোগ করে।

সুতরাং উদার নিতি পশ্চিমা বিশ্বেও সম্পদের ব্যাপক বৈষম্য সৃষ্টি করেছে-যারা প্রায় শতাব্দীকাল ধরে এ নীতির আওতায় রয়েছে।

পশ্চিমা বিশ্ব আজকাল আমাদের যেসব নীতিমালার কথা বলছে,তারা উন্নয়ন করেছে এর বিপরীত সব নীতিমালার ভিত্তিতে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক হা জনু চেঙ ২০০৩ সালে তার অবিস্মরণীয় কাজ “কিকিং অ্যাওয়ে দি ল্যাডার”- উল্লেখ করেন, প্রত্যেকটি শিল্পোন্নত দেশ উন্নয়ন পরিকল্পনার প্রত্যেকটি ক্ষেত্রে রক্ষণশীল নীতিমালা গ্রহণ করেছে। উন্নয়নের ধারা সম্পর্কে যে ধারনা পাওয়া যায় তাতে অপেক্ষাকৃত বেশী সুযোগ সিবিধা আদায় নয় বরং বাজারকে রক্ষা করার মাধ্যমে উচ্চ উপযোগ সৃষ্টিকারী পণ্যের উৎপাদনকে উৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেত্রে বাজারকে প্রভাবিত করার প্রক্রিয়াটি ঔপনিবেশিক এবং দাসপ্রথাতান্ত্রিক। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে বাজার প্রভাবিত হয় কৃষি ও ইস্পাত খাতে ভুতর্কির মাধ্যমে। সরকার ব্যাপক খরচ করে জীবপ্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে যা ও এক ধরনের ভুতর্কি ।

সে কারণে উদার নীতি তৃতীয় বিশ্বের উন্নয়নের জন্য সহায়ক নয় বরং এক ধরনের প্রতিবন্ধকতা। দারিদ্র্যের প্রত্যক্ষ কারণ হল উদারনীতি গ্রহণ।